গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক বরখাস্ত
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-২০ ২০:৩৮:১৬
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার পাশাপাশি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার অর্থ গ্রহণ করায় গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
এতে বলা হয়, লিটন মল্লিক গত বছরের ৫ আগস্ট থেকে বিনা অনুমতিতে খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ-বিভাগ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে তিনি চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হন। এছাড়া একটি চেক ডিজঅনার মামলায় খুলনার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত থেকে ২০২৫ সালের ৪ মার্চ তারিখে তার বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ওই আদেশের পর সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী তাকে ‘অসদাচরণ’-এর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে একই বিধিমালার বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














