সালাহউদ্দিন আহমদ

পিআর পদ্ধতি দাবিকারীরা অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছেন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১০-০৪ ১৪:৫২:৫০


আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবিতে আন্দোলনকারীরা দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগী দলগুলোর ভূমিকা জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান তিনি।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি’র (এনডিপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি’র এই জ্যেষ্ঠ নেতা তার বক্তব্যে জামায়াতসহ বিভিন্ন দলের প্রতি প্রশ্ন তোলেন যে, ২৪ এর দ্বাদশ সংসদ নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল? এবং এটি প্রকাশের দাবি জানান।

তিনি মনে করেন, পিআর’সহ বিভিন্ন দাবিতে জামায়াত ও অন্যান্য দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চারই অংশ। জনগণের কাছে তাদের ইশতেহার গ্রহণযোগ্য হবে কিনা, সেই সিদ্ধান্ত জনগণই নেবে। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আন্দোলনকারীদের কঠোর সমালোচনা করে বলেন, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পিআর নিয়ে যারা আন্দোলন করছে, তারাই নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে কোনো আন্দোলন পরিচালনা করা সঠিক হবে না বলেও মন্তব্য করেন এবং সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিএইচ