ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে: জিএম কাদের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১০-০৪ ১৮:৩১:০৭


ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

জাপার একাংশের এ চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, এখনও ভালো নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে। সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। তাই এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, দেশ স্থিতিশীল হবে না।

জাপা সব সময় হাসিনা সরকারের সমালোচনা করে গেছে জানিয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি কখনো দোসর ছিল না। যারা দোসরের কাজ করেছে, তারা দল থেকে চলে গেছে।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি সব সময় নির্বাচনে ছিল, এখনও নির্বাচন করবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে’।

বিএইচ