আরেকটি এক-এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে: রাশেদ খাঁন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১০-২০ ১৬:২৫:০৩
পরিস্থিতি ঘোলাটে করে দেশে আরেকটি এক-এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
দেশের সাম্প্রতিক নানা অঘটন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত ও চলমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণঅধিকার পরিষদ। সংবাদ সম্মেলনে আগামী জানুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবিও জানিয়েছে দলটি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, যেহেতু জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, দ্রুত এটি বাস্তবায়ন আদেশ জারি করে আইনগত ভিত্তি প্রদান করুন। আমরা লক্ষ্য করছি, নির্বাচন বানচালের জন্য সম্প্রতি অগ্নিসংযোগে লিপ্ত হয়েছে পতিত স্বৈরাচারের দোসররা। এভাবে পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি এক-এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে। নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বাড়বে। সুতরাং, আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করার আহ্বান করছে গণঅধিকার পরিষদ।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি খুবই গুরুত্বপূর্ণ। সেই পরিবেশ তৈরি করার জন্য ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনের সঙ্গে জড়িত গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, ডিসি, এসপি, ইউএনও ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে। বর্তমান প্রশাসনকে পরিবর্তন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সঙ্গে নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ নির্বাচনে ডামি-আমি স্বতন্ত্র কিংবা অন্যদলের হয়ে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টি এবং ১৪ দলও নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগের মতো তাদেরও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আমরা মনে করি, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক আন্দোলন। শিক্ষকদের দাবি মেনে না নিলে তাদের সঙ্গে নিয়ে যমুনা-সচিবালয় ঘেরাও করা হবে। শিক্ষকদের কষ্ট করে কোন উপদেষ্টা গদিতে থাকতে পারবেন না। সুতরাং, কালক্ষেপণ না করে তাদের দাবি মেনে নিন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














