নেগেটিভ ইক্যুইটির ওপর প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ে
জনতা ক্যাপিটাল ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের সময় বাড়ালো বিএসইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১০-২১ ২১:৫৭:২৮
গ্রাহকের মার্জিন অ্যাকাউন্টে আনরিয়েলাইজড লস বা সৃষ্ট নেগেটিভ ইকুইটির ওপর প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের সময় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭৮ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারের সদস্যভুক্ত স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার কর্তৃক কমিশনের নিকট দাখিলকৃত বোর্ড অনুমোদিত অ্যাকশন প্ল্যান বিবেচনাপূর্বক নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ এবং সমন্বয়ের জন্য জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের ২০৩২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়।
বিএসইসি আরও জানায়, নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের ক্ষেত্রে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারের নিট সম্পদের ঘাটতি সংক্রান্ত বিধান পরিপালনে শিথিলতা থাকবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













