ইসলামী পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসির শরীয়াহ্ অ্যাডভাইজরি কাউন্সিল গঠন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১০-২৬ ১৮:৪৬:১৭


ইসলামী শরিয়াহ-ভিত্তিক সিকিউরিটিজ যথাযথভাবে ইস্যু নিশ্চিত করতে এবং ইসলামী শরিয়া আলোকে দেশে ইসলামী পুঁজিবাজারের উন্নয়নের লক্ষে শরীয়াহ্ অ্যাডভাইজরি কাউন্সিল গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৬ অক্টোবর) বিএসইসির পরিচালক আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ্ অ্যাডভাইজরি কাউন্সিল) রুলস, ২০২২ এর ৪ ও ৫ ধারা অনুযায়ী ৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান থাকবেন ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়ার উপাচার্য নকীব মুহাম্মদ নাসরুল্লাহ। এছাড়াও বোর্ড সদস্য হিসেবে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম, মিরপুরের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি মাসুম বিল্লাহ, জামিয়া শারইয়্যাহ মালিবাগ এর সিনিয়র ডেপুটি মুফতি আবদুল্লাহ মাসুম, মানারাত ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রুহুল আমিন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইজীবী ব্যারিস্টার ওমর সাদাত, পুঁজিবাজার বিশেষজ্ঞ ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল অরবিট্রেশন সেন্টারের সিইও এ. কে. এম. মাজেদুর রহমান ও ইসলামী ব্যাংকের চিফ ফাইন্যান্স অফিসার মোহাম্মদ আবদুর রহিম।

দেশের পুঁজিবাজারে ইসলামিক সিকিউরিটিজে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষাতেও এ বোর্ড কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএ