হাল ছাড়া যাবে না; সবাই মিলে এগিয়ে যাবো: বিএসইসি’র চেয়ারম্যান
সানবিডি২৪ আপডেট: ২০২৫-১০-২৯ ২২:৪২:০১
পুঁজিবাজারের বর্তমান অবস্থা, পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কার এবং সংশ্লিষ্টদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে দেশের শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক করেছে বিএসইসি।
বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টায় রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে পুঁজিবাজারের গতিশীলতা বৃদ্ধি, কারসাজি প্রতিরোধ, নেগেটিভ ইক্যুইটির পরিকল্পনা মাফিক সমাধান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মার্জার ও বন্ধের ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষাসহ পুঁজিবাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ, মোঃ সাইফুদ্দিনসহ বিএসইসি’র কর্মকর্তা ও ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বিএসইসি পুঁজিবাজার সংস্কারের জন্য কাজ করছে। সংস্কারের মূল ক্ষেত্রে হিসেবে তিনি মার্জিন রুল, মিউচুয়াল ফান্ড বিধিমালা, আইপিও বিধিমালা ও কর্পোরেট গভর্ন্যান্স নীতিমালা যুগোপযোগীকরণের কথা উল্লেখ করেন।
পাশাপাশি বিগত সময়ের অনিয়মের বিচার নিশ্চিত করে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেও কমিশন কাজ করছে বলে জানান তিনি।
বিএসইসির চেয়ারম্যান বলেন, সংস্কারের সবক্ষেত্রেই আমরা ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্ত ভাবে সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুইমাসের মধ্যেই এগুলোর সব কাজ সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। নেগেটিভ ইক্যুইটিসহ পুঁজিবাজারের মূল সমস্যাগুলোর সমাধানেও কমিশন কাজ করছে এবং দ্রুতই বিষয়গুলোর সমাধান হবে। শীঘ্রই আমরা এর সুফল পাবো আশা করি।
তিনি আরও বলেন, পুঁজিবাজার উন্নয়নের জন্য সকলে মিলে কাজ করতে হবে। হাল ছাড়া যাবে না। পুঁজিবাজারে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করতে হবে।
বৈঠকে ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও মোহাম্মদ রহমত পাশা, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সিইও ও পরিচালক খন্দকার সাফফাত রেজা, আইআইডিপিসি সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোঃ নাজমুল হাসান,আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের এমডি এএইচএম নাজমুল হাসান, শান্তা সিকিউরিটিজ লিমিটেডের সিইও কাজী আসাদুজ্জামানসহ অন্যান্য ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













