‘রিজার্ভ চুরিতে উত্তর কোরিয়া জড়িত’
আপডেট: ২০১৭-০৩-২৩ ১৬:১৬:০৬
বাংলাদেশ ব্যাংকে চুরির ঘটনায় উত্তর কোরিয়া জড়িত বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দার কর্মকর্তারা।
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, চীনা মধ্যসত্ত্বভোগীদের সহায়তায় উত্তর কোরিয়ার হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল অংকের অর্থ লোপাট করে বলে এফবিআইর তদন্ত কর্মকর্তারা জানতে পেরেছেন।
এ ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করে মামলা দায়েরেরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন কর্মকর্তারা।
খবরে আরও বলা হয়, মার্কিন তদন্ত কর্মকর্তারা মনে করছেন, উত্তর কোরিয়ার সরকারের নির্দেশনায় নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ অ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়।
এই হ্যাকাররা গতবছরের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক ব্যাংক কোড ব্যবহার করে সুইফট সিস্টেমে প্রবেশ করে এবং নিউইয়র্কের ফেডারেল ব্যাংকের বাংলাদেশ অ্যাকাউন্ট থেকে অর্থ ফিলিপাইনে সরিয়ে নেয়।
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার ডেপুটি ডিরেক্টর রিচার্ড লেজেট বলেন, উত্তর কোরিয়াই হয়তো এ ঘটনায় জড়িত। বিভিন্ন বেসরকারি সংস্থাও এর আগে সে দিকেই ইঙ্গিত করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
প্রাথমিকভাবে হ্যাকাররা ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করলেও পরে দুই কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়।
ফিলিপাইনের সিনেট কমিটি এই চুরির ঘটনার তদন্ত শুরুর পর একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করা পর তা ফেরত পায় বাংলাদেশ।
গবেষকরা এবং নিরাপত্তা বিশ্লেষকরা এর আগে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির সঙ্গে যুক্তরাষ্ট্রের আর্থিক খাতে একাধিক সাইবার হামলা এবং ২০১৪ সালে সনি পিকচার্সের হলিউড স্টুডিও হ্যাকের ঘটনার সাথে মিল রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














