পল্লবী থানা যুবদলের সদস্যসচিবকে গুলি করে হত্যা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১১-১৭ ২১:১৮:৫০
রাজধানীতে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ গুলির ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে ছিলেন গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
গুলিতে গুরুতর আহত কিবরিয়া দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমানও কিবরিয়া হত্যার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত যুবক পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। কে বা কারা তাকে গুলি করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














