নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত: ইসি সচিব
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-০৫ ১৯:৫১:২২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস। পরে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব।
শেষ মুহূর্তে আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ায় আমাদের ব্যালটে কিছু জায়গায় রিপ্রিন্ট করতে হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আমাদের কাছে তারা জানতে চেয়েছে এ নির্বাচনে চ্যালেঞ্জ কোথায়। আমরা শুরু থেকেই বলেছি চ্যালেঞ্জ অপতথ্য। আমরা মেটার সাথে কথা বলেছি। আশা করি, মেটা আমাদের সহযোগিতা করবে।
আমরা চাই না ইন্টারনেটে স্পিড কমানো হোক। আক্রমণাত্মক কন্টেন্ট ডাউন করতে মেটাকে বলেও জানান তিনি।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস বলেন, আমরা নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি, এখানে উপদেশ দিতে আসিনি। আমরা পর্যবেক্ষণ করব, আমরা চাই এ নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়।
ইভারস ইজাবস বলেন, আমরা চাই নির্বাচনের মাঠ যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। কিছুদিন আগে আমরা দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষক পাঠিয়েছি। এ নির্বাচনে আরও পর্যবেক্ষক আসবেন।
ইইউ পর্যবেক্ষক দলের প্রধান আরও বলেন, নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে কথা হয়েছে সিইসির সাথে।
আমরা খুব খুশি তাদের কার্যক্রম নিয়ে। আগামী নির্বাচনে চ্যালেঞ্জ নিয়ে কথা হয়েছে। আমরা চাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
৩০০ আসনে নির্বাচনি পরিবেশ নিয়ে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














