বাগেরহাটে চাঁদা না পেয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০২-০৭ ০৯:৪১:১২
বাগেরহাটের কচুয়া উপজেলায় চাঁদা না দেওয়ায় মো. আলম হোসেন (৬২)নামের এক সাবেক ইউপি সদস্যকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।শুক্রবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কচুয়া উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।পরবর্তীতে আহত আলমকে উদ্ধার করে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
আহত আলম কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
আহত আলম হোসেন জানান, শ্রমিকদল নেতা জামাল শেখ দীর্ঘদিন ধরে তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এদিন সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে জামাল শেখ লোকজন নিয়ে এসে তার উপর হামলা করে।এতে আলমের হাত ও পায়ে গুরুত্বর জখম হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার চায় আলম।
আলম হোসেন আরও বলেন, জামাল শেখ শুধু আমার কাছেই নয়, আমার মতো আরও অনেকের কাছেও সে চাঁদা দাবি করছে। টাকা না দেওয়ায় আমার উপর হামলা করেছে।
মারধরের বিষয়ে গোপালপুর ইউনিয়ন শ্রমিকদল নেতা জামাল শেখ বলেন, আলম আওয়ামী লীগের লোক ছিল।সকালে ধানের শীষের মিছিল নিয়ে আসছিলাম, অনেক লোক দেখে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পের আহত হয় আলম। আমি তার কাছে কোন চাঁদা চাইনি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, আলমের পরিবারের লোকজন থানায় এসে মারধরের বিষয়টি জানিয়েছেন। এজাহার দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













