পাঁচদিন পর শনিবার হিলি স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-০৪ ১৬:০৪:৩৭


টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। ব্যবসায়িক জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে বন্ধ থাকা বাণিজ্যিক কার্যক্রম আগামীকাল শনিবার থেকে স্বাভাবিক হচ্ছে।

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সংগঠনটির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে আজ শুক্রবার বাংলাদেশি ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ৩০ আগস্ট ব্যবসা-সংক্রান্ত জটিলতার কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। সংশ্লিষ্ট সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা ও সমাধানের আশ্বাস পাওয়ার পর আগামী ৫ সেপ্টেম্বর শনিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্মঘট চলাকালে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় বন্দরের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। এতে আমদানিকারক-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, পরিবহন শ্রমিক ও বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন।

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল বলেন, ‘প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।’

এদিকে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত তথ্য পৌঁছেনি।

টানা পাঁচ দিন বাণিজ্য বন্ধ থাকায় হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, আমদানি-রপ্তানি চালু হলে তা অনেকটাই কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বন্দরে আবারও ফিরবে কর্মচাঞ্চল্য এবং স্বাভাবিক ধারায় ফিরবে দুই দেশের সীমান্ত বাণিজ্য।

এনজে