ক্যালিফোর্নিয়ায় বিষাক্ত মাশরুম খেয়ে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৭ ১২:৩১:১৪


বিষাক্ত মাশরুম খেয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪ জন মারা গেছেন। এ ছাড়া মারাত্মক অসুস্থ হয়ে আরো ৩ জনের লিভার প্রতিস্থাপন (অপারেশন) করতে হয়েছে। এই বছর মাশরুম খেয়ে অসুস্থ হওয়ার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বন বা বাগান থেকে মাশরুম সংগ্রহ না করতে সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর ক্যালিফোর্নিয়ায় প্রচুর বৃষ্টিপাত ও বিশেষ আবহাওয়ার কারণে এই বিষাক্ত মাশরুমের ফলন অনেক বেশি হয়েছে। এই মাশরুমগুলো দেখতে অনেক সময় সাধারণ ভোজ্য মাশরুমের মতো হয়, তাই মানুষ ভুল করে এগুলো খেয়ে ফেলছেন।

১৮ নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৪০ জন এই বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ হয়েছেন। আক্রান্তদের বয়স ১৯ মাস থেকে ৬৭ বছর পর্যন্ত। এদের অনেকেরই লিভার পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, এই মাশরুম কাঁচা, রান্না করা বা শুকনো—যেভাবেই খাওয়া হোক না কেন, এর বিষ নষ্ট হয় না।

অনেকে মনে করেছিলেন এগুলো নিরাপদ মাশরুমের মতো। যেমন, স্যালিনাসের এক দম্পতি মেক্সিকোর মাশরুম মনে করে এগুলো খেয়েছিলেন। পরে স্ত্রীর পাঁচ দিন হাসপাতালে কাটলেও স্বামীর লিভার পরিবর্তন করতে হয়েছে।

উল্লেখ যে, বিষাক্ত মাশরুম খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পেটে ব্যথা, বমি বা ডায়রিয়া হতে পারে। মাঝখানে একদিন একটু ভালো মনে হলেও ২-৩ দিনের মধ্যে লিভার মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।

সূত্র : সিএনএন

এনজে