ব্যালট ছিনতাই-জাল ভোট হলেই কঠোর পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০২-১১ ১৬:৫৯:৩২
নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট দেওয়াসহ কোনো ধরনের অনিয়ম ঘটলে তার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনি কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করে এই নির্দেশনা দেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শনকালে উপদেষ্টা সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন উপলক্ষে পুলিশ গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় বডি-ওর্ন ক্যামেরার কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম এবং অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন।
নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে উপদেষ্টা পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশ দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট দেওয়াসহ কোনো ধরনের অনিয়ম ঘটলে তার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনি কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন।
উপদেষ্টা পরে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন যেখান থেকে ঢাকার বিভিন্ন আসনের নির্বাচনসামগ্রী বিতরণ করা হচ্ছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














