৯৪ কেন্দ্রে এগিয়ে আন্দালিব রহমান পার্থ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০২-১২ ২২:০৫:১৯
দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট।
উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব।
এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল। এবারের নির্বাচনে আলোচিত প্রার্থীদের মধ্যে বিএনপি জোটের হয়ে ভোলা-১ সংসদীয় আসনে লড়ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
এই আসনে মোট ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯৪ কেন্দ্রের বেসরকারি প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে অনেকটাই এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফলাফল ঘোষণা অনুষ্ঠান থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনে বিএনপি জোটের বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (গরুর গাড়ি প্রতীক) পেয়েছেন ৮৩ হাজার ২২২ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৬১ হাজার ৮৫৮ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওবায়দুর রহমান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ৯৮০ ভোট।
ভোলা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৫৬৭ জন। মোট ভোটকেন্দ্র ১১৪টি এবং ভোটকক্ষ ৮৩৪টি। এ আসনে মোট প্রার্থী ছিলেন আটজন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













