শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট: ২০২৬-০২-১৭ ১৫:২৮:১৮


বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠান হয়।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

শপথগ্রহণ অনুষ্ঠান রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে দেশের ৬৪ জেলায় বড় পর্দার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

বিএইচ