পাকিস্তানে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-১৯ ১১:৫৭:২০
পাকিস্তানের করাচিতে তিনতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। করাচির সোলজার বাজার নং ৩ -এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার উদ্ধার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার রাতে ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে।
এতে ভবনের একটি অংশ ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। অনুসন্ধান কার্যক্রমে সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশের প্রাথমিক ধারণা, একটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে, সম্ভবত গ্যাস সাকশন মেশিন থেকে।
নিহতদের মধ্যে ১০ বছর বয়সী নাজিয়া এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ রয়েছেন। এ ছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো এক ব্যক্তির পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়া চলছে।
উদ্ধার অভিযানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে আহত অবস্থায় বের করে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে, যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের আশপাশের সরু রাস্তার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এদিকে পুলিশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে ধারণা করা হচ্ছে এখনো দু্ই জন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।
সূত্র : জিও নিউজ।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














