কুষ্টিয়ায় হাসপাতাল পরিদর্শন ও পরিচ্ছন্নতায় অংশ নিলেন আমির হামজা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০২-২০ ১৪:৫০:২৭
শপথ গ্রহণের পর নিজ জেলা কুষ্টিয়ায় ফিরে প্রথম কর্মসূচি হিসেবে হাসপাতাল পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
শুক্রবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এছাড়াও তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন।
হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘কুষ্টিয়াবাসীর জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। স্বাস্থ্য সেবার লক্ষ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
এমপি আমির হামজা আরও বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা। এখানে সেবার মান ও পরিবেশ দুটোই সমান গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি রোগ প্রতিরোধেরও অংশ। নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগ থাকলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এমপির এই সরাসরি তদারকি তাদের কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়াবে।
এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













