দ্রুত থার্ড টার্মিনাল চালু করার উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-২২ ১৮:৪৪:১৩


প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি বলেন, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে কোনো টাইমফ্রেম ঠিক হয়নি।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে থার্ড টার্মিনাল নিয়ে একটি বিশেষ আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

বিমানমন্ত্রী বলেন, থার্ড টার্মিনালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বিস্তারিত শুনে দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, কিছু বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ আছে প্রধানমন্ত্রীর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে অনুযায়ী পদক্ষেপ নেবে।

একই বৈঠক থেকে বের হয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)–এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী থার্ড টার্মিনাল চালু বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আগামীকাল জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি।

বিডা চেয়ারম্যান বলেন, বিমান মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী দায়িত্ব নিয়েছেন এবং তিনি বিষয়টি বোঝার চেষ্টা করছেন। এটা ছয় বছরের পুরোনো ইস্যু।

থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে নতুন করে টেন্ডার হবে কি না—এ প্রশ্নের জবাবে আশিক চৌধুরী সরাসরি কিছু বলতে চাননি।

তিনি বলেন, এ বিষয়ে এখন কিছু বলতে পারব না। এটি একটি জি-টু-জি (সরকার-টু-সরকার) ইস্যু।

এএ