শুষ্ক আবহাওয়ায় ফের বায়ুদূষণে শীর্ষে ঢাকা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-২৫ ০৯:৩৫:৩৯
রাজধানী ঢাকা দীর্ঘদিন শীতের শুরু থেকেই শুষ্ক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বুধবার সকালেও এ শহরটির বাতাস ছিলো জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানটি ছিল এ শহরের। এর আগের দিন অর্থাৎ, গতকাল মঙ্গলবার দূষিত শহরের তালিকার চতুর্থ অবস্থানে ছিলো ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানটির সাড়ে ৮টার তথ্য অনুযায়ী, ২৭৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা। ২৪৭ স্কোর নিয়ে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে পাকিস্তানের করাচি, সেনেগালের ডাকার ও ভারতের কলকাতা।
একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র সাত। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের আরেক শহর সল্ট লেক সিটি। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে নরওয়ের অসলো, যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড ও কানাডার ভ্যানকুয়ার।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














