কক্সবাজারে এলপি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৮
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-২৬ ০৯:১৮:০৬
কক্সবাজার শহরের কলাতলীর আদর্শগ্রাম এলাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কমপক্ষে আটজন আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে নবনির্মিত পাম্পে এ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, যা আড়াইটার দিকেও চলছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি বন্ধ রয়েছে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল।
স্থানীয় বাসিন্দারা জানান, কলাতলীর দক্ষিণ আদর্শগ্রামে জনবসতির ভেতর রামুর এন আলম গ্রুপ অব কোম্পানির গ্যাস পাম্পটি স্থাপন করা হয়। মাত্র কয়েকদিন আগে এটি গ্যাস সরবরাহ শুরু করে। বুধবার সন্ধ্যায় ট্যাংক থেকে গ্যাস লিকেজ বা নির্গত হয়ে প্রথম আগুন লাগে পাম্প এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আগুন নিয়ন্ত্রণে আনলেও গ্যাস নির্গত হওয়া বন্ধ করা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত থাকা কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন রাত দেড়টার দিকে গণমাধ্যমকে বলেন, ওই পাম্পে গ্যাস আনলোড করার সময় লিকেজ থেকে আগুন ধরে যায়। আহতদের বিষয়ে তিনি জানান, আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। বাকি দুজনকে এখানকার হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। পাশাপাশি রামু সেনানিবাসের দুটি অগ্নিনির্বাপণ ইউনিট এবং বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত দুটি অগ্নিনির্বাপক গাড়ি নিয়ে বিমানবাহিনীর সদস্যরা যোগ দেন। রাত ১০টার দিকে আগুন লাগার পর মোট নয়টি ইউনিট টানা চার ঘণ্টা চেষ্টায় রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














