গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-২৭ ১৪:০৩:১৭


তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি বলেছেন, ‘জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।’

আজ শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারিনি এখনো।

সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে যে আমলে তখন তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে, এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার, তাও এতদিনে হয়ে উঠেনি।’

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের সঙ্গে কি কারণে মনোমালিন্য ও বিভেদ সৃষ্টি হয়েছে, সে বিষয়টি আমি এখনো পুরোপুরি অবহিত নয়।

বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে আইনমন্ত্রী সঙ্গে কথা বলব।’

এর আগে তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর চেক বিতরণ করেন। এসময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেওয়া হয়।

এনজে