মধ্যপ্রাচ্য সংঘাত: সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০৩ ১৪:১১:৫৬
ইরান-ইসরাইল সংঘাতের ঘটনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে কাতার। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হয়েছে বা শিগগিরই মেয়াদ শেষ হতে যাচ্ছে—এমন সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানো হয়েছে। পরিস্থিতির উন্নয়নের ওপর নির্ভর করে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এই সিদ্ধান্ত কার্যকর হবে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না। এছাড়া সংশ্লিষ্ট দফতরে গিয়ে আবেদন করারও প্রয়োজন নেই।
‘তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব এন্ট্রি ভিসার ক্ষেত্রে নিয়মভঙ্গ হয়েছে, সেসব ভিসাধারীদের প্রথমে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। এরপর উল্লিখিত তারিখ থেকে তাদের ক্ষেত্রেও মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফ প্রযোজ্য হবে’, যোগ করা হয় বিবৃতিতে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, স্থায়ী এবং ভ্রমণকারীদের আইনগত অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














