জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন
সাবেক হুইপ সামশুল হকের বিরুদ্ধে মামলা করবে দুদক
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৩-০৮ ১৬:১৭:০২
সাবেক হুইপ ও সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ৫ কোটি আট লক্ষ আটান্ন হাজার পাঁচশত পঁচানব্বই টাকার মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ৩ মার্চ দুদকের উপপরিচালক (অনু: ও তদন্ত-৫) তানভীর আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনায় সাবেক হুইপ ও সংসদ সদস্য, চট্রগ্রাম-১২(পটিয়া) এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ এর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা রুজুর জন্য কমিশন কতৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও সামশুল হকের বিরুদ্ধে উল্লিখিত ধারায় মামলা দায়েরের কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, চট্টগ্রাম-১২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সামশুল হক চৌধুরীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলার অনুমোদন হয়েছে। আজ (রোববার) অথবা আগামীকাল (সোমবার) চট্রগ্রাম থেকে মামলা দায়ের করা হবে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অনুসন্ধানকালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি পাওয়া গেছে ৫ কোটি টাকার অধিক।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














