ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-১০ ১২:২৩:১৭
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতা গ্রহণের ২০ দিনের মাথায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন। এ কার্ডের আওতায় ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান প্রতিটি পরিবারকে মাসিক আড়াই হাজার টাকা করে ভাতা দেবে সরকার।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি-সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় কয়েকজন নারীর হাতে কার্ড তুলে দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টন।
উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ মন্ত্রিসভার সদস্যরা। অনুষ্ঠানে প্রজেক্টরে ফ্যামিলি কার্ড নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।
পাইলটিং পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি খানার (পরিবার) তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের জন্য জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠনের কাজ আগেই শেষ হয়েছে। ওয়ার্ড কমিটি সরেজমিনে প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, আবাসন এবং ব্যবহৃত আসবাব ও গৃহস্থালি সামগ্রীর তথ্য সংগ্রহ করেছেন। সংগৃহীত তথ্যগুলো ইউনিয়ন ও উপজেলা কমিটির মাধ্যমে অধিকতর যাচাই করে চূড়ান্ত তালিকা করা হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














