মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৩-১৩ ০৮:৪২:০৫
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। সব কিছু ঠিক থাকলে শুক্রবার (১৩ মার্চ) যেকোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৃহস্পতিবার রাত ১০টার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাস দেখতে যান শায়রুল কবির।
এ সময় তিনি হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর কাছ থেকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। পরে মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও তার সুস্থতা কামনা করে মোনাজাত করেন।
শায়রুল কবির ছাড়াও মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালটিতে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














