ধারাবাহিক কমছে ব্যাংক খাতে নারী কর্মী

সানবিডি২৪ আপডেট: ২০২৬-০৩-১৫ ১৭:২৭:১৬


  • ২০২৪ সালের ডিসেম্বর শেষে ছিল ৩৭৬৪৯ জন
  • ২০২৫ সালের ডিসেম্বর শেষ ৩৫০৬১ জন
  • এক বছরে কমেছে ২৫৮৮ জন।
  • নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে কমেছে ৪৮ জন

এক বছর ধরে দেশের ব্যাংক খাত ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীদের সংখ্যা ধারাবাহিক কমছে। ২০২৪ সালের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) তুলনায় দ্বিতীয় ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশের ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা বেড়েছিল ৩২৮১ জন। এরপর ২০২৫ সালের পুরো বছরেই ব্যাংক খাতে কমেছে নারী কর্মীর সংখ্যা। ওই বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা কমেছে ২ হাজার ৫৮৮ জন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের ব্যাংক ও নন-ব্যাংকগুলোতে ২০২৫ সালের ডিসেম্বর শেষে নারী–পুরুষ মিলিয়ে কর্মরত কর্মীর সংখ্যা দাড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৪৮৭। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮২ হাজার ৪০৭ জন এবং নারী কর্মী ৩৬ হাজার ৮০ জন। সেই হিসাবে ব্যাংক ও আর্থিক খাতের মোট কর্মীর সাড়ে ১৬ শতাংশ নারী আর সাড়ে ৮৩ শতাংশই পুরুষ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৯ জন। আর ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা দাড়িয়েছে ৩৫ হাজার ৬১ জন। সেই হিসাবে এক বছরে ব্যাংক খাতে নারী ব্যাংকারের সংখ্যা কমেছে ২ হাজার ৫৮৮ জন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ছয় মাসের হিসাবেও ব্যাংক খাতে কমেছে নারী ব্যাংকারের সংখ্যা। ২০২৫ সালের জুন শেষে ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৭৮২। আর পরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬১। সেই হিসাবে ছয় মাসের ব্যবধানে ব্যাংক খাতে নারী কর্মী কমেছে ৭২১ জন।

এছাড়া, ২০২৫ সাল শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানতেও কমেছে নারী কর্মীর সংখ্যা।

তথ্যানুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নারী কর্মীর সংখ্যা ছিল ১ হাজার ৬৭ জন। আর ২০২৫ সালের ডিসেম্বর শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নারী কর্মীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ১৯ জন। সেই হিসাবে এক বছরে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নারী কর্মীর সংখ্যা কমেছে ৪৮ জন।

তথ্য মতে, ব্যাংক ও আর্থিক খাতে যত নারী কর্মী রয়েছেন, তার সিংহভাগই বেসরকারি ব্যাংকে। গত বছর ডিসেম্বর শেষে নারী কর্মীদের মধ্যে ২২ হাজার ৯৮৩ জন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের। আর দ্বিতীয় সর্বোচ্চ ৯ হাজার ১৪৭ নারী কর্মী কর্মরত রয়েছেন রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে। এ ছাড়া গত বছর শেষে বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংকে ১ হাজার ৯৪৭ জন এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকে ৯৮৪ নারী কর্মী কর্মরত ছিলেন। শতাংশের বিবেচনায় গত বছর শেষে সবচেয়ে বেশি নারী কর্মী কর্মরত ছিলেন বিদেশি বাণিজ্যিক ব্যাংকে। এ খাতে ব্যাংকের মোট ৩ হাজার ৯৩১ কর্মীর মধ্যে ৯৮৪ জনই ছিলেন নারী, শতাংশের হিসাবে যা ২৫ শতাংশের বেশি। সংখ্যার হিসাবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে নারী কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও শতাংশের হিসাবে এ খাতের ব্যাংকে নারীর অংশগ্রহণ কম। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মোট কর্মীর মধ্যে ১৬ শতাংশ নারী।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকে নারী কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি কর্মী ব্যাংকের প্রারম্ভিক পর্যায়ে কর্মরত, এই হার ১৭ শতাংশের বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ১৯ শতাংশ নারী কর্মী কর্মরত মধ্যবর্তী পর্যায়ে। এ ছাড়া ব্যাংক খাতে কর্মরত নারীদের মধ্যে উচ্চপর্যায়ে বা নীতিনির্ধারণী পর্যায়ে নারী কর্মীর হার সবচেয়ে কম ১০ দশমিক ৩৫ শতাংশ।

এএ