বৃষ্টি ও ঈদের ছুটিতে আজ ঢাকার বাতাস ‘নির্মল’

আপডেট: ২০২৬-০৩-১৮ ০৮:৫৪:৪৫


বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচক অনুযায়ী সাম্প্রতিক বৃষ্টি ও ঈদের ছুটি দুই মিলিয়ে আজ দূষণের শীর্ষ তালিকায় নেই বাংলাদেশের রাজধানীর নাম। তালিকার অনেক নীচের দিকে ঢাকার অবস্থান।

আজ বুধবার সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইট ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে দূষিত শহরগুলোর তালিকায় দিয়েছে প্রতিষ্ঠানটি।

আইকিউএয়ার মূলত বিভিন্ন শহরের বাতাসের মানের অবস্থা তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে জানায়।

আইকিউএয়ারের তথ্য মতে, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের দিল্লি। শহরটির স্কোর ২০২। তালিকায় এরপরে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেকটি শহর, পাকিস্তানের লাহোর। ১৫৮ স্কোর শহরটির। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল, মঙ্গোলিয়ার উলানবাত্তার, নেপালের কাঠমুণ্ঠু, চীনের সাংহাই ও ভিয়েতনামের হ্যানয়।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি বলছে, ওই সময়ে দূষিত শহরের তালিকার ৮৮ নম্বরে অবস্থান করছে ঢাকা।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিলো ইন্দোনেশিয়ার বাতাম। শহরটির বায়ুর স্কোর ছিলো শূন্য। নির্মল বায়ুর শহরের তালিকায় এরপরেই রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি, যুক্তরাষ্ট্রের সিয়েটল, অস্ট্রেলিয়া ক্যানবেরা ও ডেনমার্কের কোপেনহেগেন।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এনজে