পদ্মা সেতুতে ২ দিনে ৯ কোটি টাকা টোল আদায়

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-১৯ ১২:০২:০৭


পবিত্র ঈদ উপলক্ষে টানা ৭ দিনের লম্বা ছুটির তৃতীয় দিনে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। গত ৪৮ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা ভোগান্তির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের ছুটির প্রথম দিন গত মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা ৪৮ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত হয়ে পদ্মা সেতুতে উঠেছে ৮০ হাজার ৪০২টি যানবাহন। এতে সেতুর উভয় প্রান্তে টোল আদায় হয়েছে প্রায় ৯ কোটির টাকা।

অন্যদিকে সেতু পারাপারে কোনো বাড়তি চাপ না থাকায় গাড়ির গতি স্বাভাবিক রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকায় যাত্রা নির্বিঘ্ন হচ্ছে। সেতু এলাকায় ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে সার্বিক পরিস্থিতি।

এনজে