স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-২৮ ১৫:৫৪:২২
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হবে।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ঈদুল ফিতরের দিন এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














