ঠাকুরগাঁও-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-০১ ১৯:৫৮:৩৮


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল হাকিমের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ নির্বাচনী সব সরঞ্জাম ও নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী মো. আবদুস সালাম।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে আরও ৪৫ জনের বেশি প্রার্থী ভোটের ফল ও অনিয়ম চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত সেসব আবেদনও শুনানির জন্য গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে দাখিল করা আবেদনের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ঠাকুরগাঁও-২ আসনের বিষয়ে এই আদেশ দিলেন উচ্চ আদালত।

বিএইচ