রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক

অর্থনীতি ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০৪ ১৫:৪৫:৩২


দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন এই সময়সূচি অনুযায়ী দেশের সকল তফসিলি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রোববার থেকে অফিস শেষ ও লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত অফিস খোলা রাখা হবে। আর লেনদেন চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

এতদিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন এবং ৬টা পর্যন্ত অফিস খোলা থাকতো। তবে উদ্ভুত পরিস্থিতিতে অফিসের সময় কমানো হয়েছে। তবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যথারীতি চলমান থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো আগের নিয়মেই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’ এর নির্দেশনা বহাল থাকবে।

বিএইচ