প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে সরকার কাজ করছে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-০৫ ১৬:৫০:০৩
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো যে প্রক্রিয়ায় যাওয়ার কথা, সেই প্রক্রিয়া অনুযায়ী-ই হবে। এ বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রস্তাবিত পে-স্কেলের সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো যে প্রক্রিয়ায় যাওয়ার কথা, সেই প্রক্রিয়া অনুযায়ী-ই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার কাজ করছে।
এ সংক্রান্ত সচিব কমিটি আছে জানিয়ে তিনি বলেন, এ কমিটি পর্যালোচনার কাজ করবে। সেই অনুযায়ী সুপারিশ দেবে এবং সুপারিশ দিলে সেই অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, পে-স্কেলের মূল কাজ সচিব কমিটি করবে। যেকোনো পে-স্কেল যখন দেওয়া হয়, পে-কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর কাজ করে সচিব কমিটি। সচিব কমিটি পদ্ধতিগত আলোকে কাজ শুরু করবে, তারপর সচিব কমিটি সুপারিশ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














