আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে দশম স্থানে ঢাকা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-১৩ ১১:১৯:৩৭


বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। শহরটির বায়ুমানের স্কোর ২০৭। এছাড়া ১৩২ স্কোর নিয়ে আন্তর্জাতিক বায়ুমান সংস্থাটির তালিকার ১০ নম্বর রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

বায়ুমানের এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৯৬, ভারতের দিল্লি ১৮৭ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়া ৪র্থ অবস্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার। তার বায়ুদূষণের মানের স্কোর ১৭১।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এনজে