হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৬-০৪-১৮ ০৮:২৫:১৭


চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিমানবন্দরে উদ্বোধনের আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে যান এবং সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে দেখা করেন। এরপর ফ্লাইটের আগে তিনি বিমানে গিয়ে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া চান। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময় অনুযায়ী, রাত ১২টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইটে হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

হজযাত্রী পরিবহনে অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইন্যাস। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ফ্লাইটগুলো পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।

এনজে