চলতি সপ্তাহে ৫ জাহাজে আসছে আরও বিপুল জ্বালানি
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৬-০৪-১৮ ০৮:৪২:০৫
দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে চলতি সপ্তাহে ১ লাখ ৬৪ হাজার টন পরিশোধিত জ্বালানি নিয়ে আসবে আরও পাঁচটি জাহাজ।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিশ্বস্ত একটি সূত্র।
এর মধ্যে মালয়েশিয়া থেকে তিনটি, সিঙ্গাপুর ও চীন থেকে একটি করে জাহাজ আসবে। এরই মধ্যে সবকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।
চার জাহাজে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল এবং অন্য জাহাজে ৩৪ হাজার টন জেট-ওয়ান রয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এরই মধ্যে ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ বন্দরে এসেছে। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিং শুরু হয়েছে। ধারাবাহিকভাবে অন্য জাহাজগুলো থেকেও লাইটারিং শুরু হবে। আশা করা হচ্ছে ‘এমটি ওকট্রি’ নামের জাহাজটি শনিবার (১৮ এপ্রিল) জেটিতে আসতে পারে। এরপর প্রতিদিন জেটিতে দুটি করে জাহাজ থেকে জ্বালানি খালাস করা হবে।
ওই কর্মকর্তা বলেন, এ চারটি জাহাজ বাদেও চলতি সপ্তাহে আরও পাঁচটি জাহাজ আসবে। শিডিউল অনুযায়ী ১৯ এপ্রিল থেকে ২১ এপ্রিলের মধ্যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। এসব জাহাজে ১ লাখ ৬৪ হাজার টন জ্বালানি আসবে।
বিপিসি বলছে, মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ১৯ এপ্রিল আসবে ‘এমটি গোল্ডেন হরাইজন’, ২০ এপ্রিল আরও ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসবে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’, ৩১ হাজার টন ডিজেল নিয়ে ২১ এপ্রিল আসতে পারে ‘এমটি হাফনিয়া চিত্তা’, সিঙ্গাপুর থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি এফপিএমসি ৩০’ জাহাজটি ২১ এপ্রিল আসতে পারে। পাশাপাশি চীন থেকে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে আসবে ‘এমটি জিং টং ৭৯৯’। জাহাজটি ২১-২২ এপ্রিল আসতে পারে।
বৈশ্বিক ভেসেল ট্র্যাকার সাইটগুলোর তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি গোল্ডেন হরাইজন’ ১৪ এপ্রিল ছেড়ে এসেছে। ১৯ এপ্রিল পৌঁছার কথা রয়েছে। মালয়েশিয়ার পেনগেরাং বন্দর থেকে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ ১৪ এপ্রিল ছেড়ে এসেছে। ২০ এপ্রিল জাহাজটির পৌঁছার কথা রয়েছে।
সিঙ্গাপুর পোর্ট থেকে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি এফপিএমসি ৩০’ নামের জাহাজটি ১৫ এপ্রিল ছেড়ে এসেছে। ২০ এপ্রিল পৌঁছার কথা রয়েছে জাহাজটির। মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমটি হাফনিয়া চিত্তা’ ১৫ এপ্রিল ছেড়ে এসেছে, জাহাজটি ২১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। অন্যদিকে ১৭ এপ্রিল সকাল পর্যন্ত চীনের নিংবো-ঝুশান বন্দরে অবস্থান করছিল চীনের পতাকাবাহী ‘এমটি জিং টং ৭৯৯’।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














