তেল-গ্যাসের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিতে হবে: সংসদে আখতার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-২১ ২০:০৭:২৯
তেল-গ্যাসের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে এনে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এই দাবি জানান।
আখতার হোসেন বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। নানা ধরনের তেলের সংকটে কৃত্রিম কিছু বিষয়ও আছে। সেই বিষয়ে সরকারের পদক্ষেপ কি, তা আমরা ভালো করে জানি না। তেলের মধ্যে হঠাৎ করেই এলপিজি গ্যাসের দাম বাড়ানো হলো। আমাদের যারা রান্নার কাজ করেন, উৎপাদনের কাজ করেন তারা বিপদে। এভাবে দাম বাড়তে থাকলে সংশ্লিষ্টরা ভালো করে রান্নার কাজ করতে পারবেন না।
তিনি আরও বলেন, এলপিজির দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে, এটা সহনীয় করা জরুরি। তেলের দামে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। আন্তর্জাতিক কিছু বিষয় আছে, তেলের মজুতদারি চলছে—এসব বিষয়ে সরকারের কিছু ব্যর্থতা আছে। সব বিষয়ে আলোচনা করে এলপিজি ও জ্বালানির দাম সহনীয় করা জরুরি। সরকার বলেছিল দাম বাড়াবে না, অথচ তারা দাম বাড়িয়ে দিয়েছে। এতো দাম বাড়ানো উচিত হয়নি। তেল-গ্যাসের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














