মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ৩৪টি ইরানি ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-২২ ১২:৪৪:৪৬


যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ইরানের ওপর জারি করা কঠোর অবরোধ উপেক্ষা করে অন্তত ৩৪টি ট্যাঙ্কার চলাচল করেছে বলে জানিয়েছে কার্গো ট্র্যাকিং গ্রুপ ভর্টেক্সা। এর মধ্যে বেশ কয়েকটি ট্যাঙ্কার ইরানি তেল পরিবহন করছে।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধকে ‘বিরাট সাফল্য’হিসেবে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন বলে প্রতিবেদনে উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য সংকটের নতুন ধাপে তেহরানকে শান্তি চুক্তিতে বাধ্য করতে গত ১৩ এপ্রিল সকাল থেকে ইরানি উপকূলীয় জলসীমায় প্রবেশ বা বের হওয়া সব জাহাজের ওপর অবরোধ আরোপ করে ওয়াশিংটন। পরবর্তীতে ১৬ এপ্রিল মার্কিন নৌবাহিনীর এক নোটিশে এই নিষেধাজ্ঞার আওতা আরও বাড়ানো হয়।

এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার জানিয়েছে, অবরোধ শুরু হওয়ার পর থেকে মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত ২৮টি জাহাজকে ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে। এছাড়া ওমান উপসাগরে একটি কন্টেইনার জাহাজ আটক এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি অনুমোদিত ট্যাঙ্কারে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী।

সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবরোধটি বিরাট সফল হয়েছে। তিনি জানান, ইরানের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি থেকে এই অবরোধ প্রত্যাহার করা হবে না।

তবে ভর্টেক্সার তথ্য বলছে, কয়েক ডজন জাহাজ এই অবরোধ এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। অন্তত ১৯টি ইরানি ট্যাঙ্কার অবরোধ এড়িয়ে পারস্য উপসাগর থেকে বেরিয়ে গেছে এবং ১৫টি ট্যাঙ্কার আরব সাগর থেকে ইরানের দিকে প্রবেশ করেছে। এগুলোর মধ্যে অন্তত ছয়টি ট্যাংকারে মোট ১ কোটি ৭ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ছিল।

এনজে