ইসরায়েলের ভয়াবহ হামলায় লেবাননে ৩১ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-২৭ ০৯:১৭:৪৭
দখলদার ইসরায়েল লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। নতুন এই হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) ভোররাত পর্যন্ত চলা হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকার বিভিন্ন এলাকা। বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর বিবিসির।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, আমরা লেবাননে অভিযান আরও বাড়াচ্ছি এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে শক্ত অবস্থান নিচ্ছি।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা এক রাতে হিজবুল্লাহর ১০০টির বেশি অবকাঠামো, অস্ত্র গুদাম, কমান্ড সেন্টার ও যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছ
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বেকা উপত্যকার মাশঘারা গ্রাম এবং দক্ষিণাঞ্চলের বুর্জ আল-শামালি এলাকায় একের পর এক বিমান হামলা চালানো হয়। কিছু হামলা ইউনেস্কো স্বীকৃত প্রায় ৯০০ বছরের পুরোনো ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছেও আঘাত হানে।
হিজবুল্লাহ পাল্টা হামলার দাবি করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের তিনটি সামরিক ব্যারাক ও একটি সেনা পোস্টে হামলা চালিয়েছে। তাদের দাবি, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই জবাব দেওয়া হয়েছে।
গত মার্চ থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ১৮৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ২৩ ইসরায়েলি সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














