বিডি থাই ফুডের কারখানায় চুক্তিভিত্তিক পণ্য উৎপাদন করবে অন্য কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০৮ ১০:৫২:৫২


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সজিব গ্রুপ ও এভারগ্রিন বেভারেজ লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের জন্য ভাড়ায় পণ্য উৎপাদন করার চুক্তি অনুমোদন করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি সজীব গ্রুপ এবং এভারগ্রিন বেভারেজ লিমিটেডের সাথে দুটি পৃথক চুক্তিভিত্তিক উৎপাদন চুক্তি স্বাক্ষর করেছে। সজীব গ্রুপ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানার মাধ্যমে ‘উইংস’ ব্র্যান্ডের কার্বোনেটেড সফট ড্রিঙ্কস (সিএসডি) উৎপাদন করবে এবং এভারগ্রিন বেভারেজ লিমিটেড, চুক্তিভিত্তিক উৎপাদন খরচ পরিশোধ করে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানার মাধ্যমে ‘সানক্রেস্ট’ ব্র্যান্ডের কার্বোনেটেড সফট ড্রিঙ্কস উৎপাদন করবে।

এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠানই বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ইউটিলিটি খরচ, বেতন ও মজুরি খরচ, কারখানার উপরি খরচ এবং আর্থিক খরচ মেটানোর জন্য অর্থ প্রদান করবে।

উপরোক্ত দুটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিডি থাই ফুডের কারখানার কার্বোনেটেড সফট ড্রিঙ্কস (সিএসডি) লাইনটি তার মোট ক্ষমতার ৭০%-এ পরিচালিত হবে এবং সিএসডি লাইনের বাকি ৩০% কোম্পানির (বিটিএফবিএল) নিজস্ব ব্র্যান্ডের “নেক্টার” পণ্য উৎপাদনের জন্য পরিচালিত হবে। কারখানার সিএসডি লাইনটি তার শতভাগ ক্ষমতায় পরিচালিত হবে।

পরিচালনা বোর্ড আশা করে যে, এর মাধ্যমে কোম্পানির মুনাফা বৃদ্ধি পাবে এবং শেয়ারহোল্ডার ও অংশীজনদের স্বার্থ সুরক্ষিত থাকবে।

 

এসকেএস