৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০৯ ১২:৪৭:৫৮
কিউবার উত্তর-পশ্চিম উপকূলে প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে শুধু কিউবা নয়, বরং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু এলাকায় কম্পন অনুভূত হয়।
স্থানীয় সময় সোমবার (৮ জুন) আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মানতুয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। রাজধানী হাভানা থেকেও উল্লেখযোগ্যভাবে কম্পন অনুভূত হয়। যেসব এলাকায় সাধারণত ভূমিকম্প খুব কম ঘটে, সেসব স্থানেও কম্পন অনুভূত হওয়ায় ঘটনাটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।
ইউএসজিএস-এর ভূকম্পবিদ পল আর্ল বলেন, সোমবারের ভূমিকম্পটি ক্যারিবিয়ান অঞ্চলের জন্য অস্বাভাবিক ছিল। কম্পনটি একটি টেকটোনিক প্লেটের মধ্যে সংঘটিত হয়েছিল, যেখানে সাধারণত প্লেট সীমানা বরাবর সংঘটিত হওয়ার তুলনায় ভূমিকম্পগুলো আরও বিক্ষিপ্ত এবং কম ঘন ঘন ঘটে থাকে।
আর্ল বলেন, ১৮৮০ সালের পর সোমবারের ভূমিকম্পের ৩২২ কিলোমিটার (২০০ মাইল) ব্যাসার্ধের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানেনি; সে বছর কিউবার সান ক্রিস্টোবালের কাছে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।
কর্তৃপক্ষ এখনো কোনো বড় ধরনের ক্ষতি বা হতাহতের খবর জানাযায়নি। কিন্তু এই ভূমিকম্প কিউবায় উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, যেখানে কয়েক দশকের অর্থনৈতিক সংকটের কারণে ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অঞ্চলজুড়ে চলমান ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে।
সূত্র: রয়টার্স
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














