অবৈধভাবে অবস্থান ও ইমিগ্রেশন আইন লঙ্ঘন
মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজার বিদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০৯ ২০:৪৯:৪০
অবৈধভাবে অবস্থান ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ৩০ হাজার ৮০১ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ২ হাজার ৩২৪ জনের বিরুদ্ধে ভিসার শর্ত ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিরা যে উদ্দেশে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন তা অমান্য করে অন্যান্য কার্যকলাপে সম্পৃক্ত ছিলেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে জানান, বৈধ অনুমতি ছাড়া ব্যবসা ও কর্মসংস্থান বা পাসের শর্ত লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের জনশৃঙ্খলা রক্ষা, ইমিগ্রেশন ব্যবস্থার সততা এবং একটি ন্যায্য অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করতে ইমিগ্রেশন সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিভাগটি প্রতিশ্রুতিবদ্ধ।
আইন প্রয়োগকারী কার্যক্রমকে আরও জোরদার করতে ইমিগ্রেশন বিভাগ বেশ কিছু কৌশলগত পদক্ষেপও গ্রহণ করেছে।
এর মধ্যে রয়েছে একটি বিশেষ ‘এনফোর্সমেন্ট ইন্সপেক্টরেট’ গঠন, ঝুঁকিপূর্ণ এলাকায় লক্ষ্যভিত্তিক অভিযান এবং নিয়ম লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
এছাড়া, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে যৌথ অভিযান জোরদার করার পাশাপাশি এই অপরাধ দমনের বিষয়টিকে বিভাগের বার্ষিক পারফরম্যান্স সূচকের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














