হরমুজ অতিক্রম করছে তেলবাহী ট্যাংকার
বিশ্ববাজারে তেলের দাম কমে চার মাসের সর্বনিম্নে
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-২৪ ১০:৩৯:১৬
ধীরে ধীরে হরমুজ প্রণালি অতিক্রম করতে শুরু করেছে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের পারসিয়ান উপসাগরে আটকে থাকা তেলবাহী ট্যাংকারগুলো। এমন খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন দেখা দিয়েছে। বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি লেনদেন হচ্ছে। খবর রয়টার্সের।
আজ বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৬টা ৪৩ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম আউন্স বা ব্যারেল প্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৬ দশমিক ৭১ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭২ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গতকাল মঙ্গলবারও উভয় বেঞ্চমার্কের দাম প্রায় ১ শতাংশ কমে গত মার্চের পর সর্বনিম্ন স্তরে নেমেছিল।
আন্তর্জাতিক বাজারে ১ ব্যারেল অপরিশোধিত তেল সমান প্রায় ১৫৯ লিটার (১৫৮.৯৮ লিটার)।বর্তমান মার্কিন ডলারের বিনিময় হার (১ ডলার সমান প্রায় ১২৩ টাকা) অনুযায়ী আন্তর্জাতিক বাজার দর দেশীয় মুদ্রায় হিসাব করলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড প্রায় ৯ হাজার ৪৩৫ টাকা (অর্থাৎ, প্রতি লিটার অপরিশোধিত তেলের দাম প্রায় ৫৯ টাকা ৩০ পয়সা)।
অন্যদিকে ডব্লিউটিআই ক্রুড প্রতি ব্যারেল প্রায় ৮ হাজার ৯৬০ টাকা (অর্থাৎ, প্রতি লিটার অপরিশোধিত তেলের দাম প্রায় ৫৬ টাকা ৩৫ পয়সা)।
উল্লেখ্য, এটি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের কেবল কাঁচামাল দর। এর সঙ্গে রিফাইনারি বা শোধন খরচ, আন্তর্জাতিক পরিবহণ ভাড়া, শুল্ক ও দেশীয় বিপণন ব্যয় যুক্ত হয়ে স্থানীয় বাজারে জ্বালানি তেলের চূড়ান্ত খুচরা মূল্য নির্ধারিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














