গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ

আপডেট: ২০২৬-০৭-২০ ২০:৪৬:২১


গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা দিতে চায় দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ মর্ডান সিকিউরিটিজ লিমিটেড। এরই লক্ষ্যে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২০ জুলাই ) রাজধানীর তেজগাঁওয়ের সিটিজেন টাওয়ারে অবস্থিত কোম্পানিটির বোর্ড রুমে মর্ডান সিকিউরিটিজ লিমিটেড এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেডের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, মর্ডান সিকিউরিটিজ লিঃ গ্রাহকদের ডিএসই লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এর ফলে মর্ডান সিকিউরিটিজ লিঃ গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মর্ডান সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মহিবুল আলম এবং কোয়ান্ট ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ হোসেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের আরো উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মর্ডান সিকিউরিটিজ লিঃ ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি সনামধন্য ব্রোকারেজ হাউজ । অপরদিকে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের ‘কিউ-ট্রেডার’ বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)।

বিএইচ