আইএমএফ-বিএসইসি বৈঠক

টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-২২ ১৭:০৫:০৫


আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থায়ন ও জলবায়ু-সহনশীল বিনিয়োগ ব্যবস্থা শক্তিশালী করতে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিএসইসির সহকারী নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মোহাইমিন হকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বিএসইসির কমিশনার সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়াও, আইএমএফ-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের টিম লিডার মি. সুপাচোল সুপাচালাসাই-এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এ সভায় অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি বন্ড এবং অন্যান্য গ্রিনভিত্তিক অর্থায়নের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে পুঁজিবাজারে পরিবেশগত ঝুঁকি ব্যবস্থাপনা, ক্লাইমেট রিস্ক রিপোর্টিং, এক্সটার্নাল রিভিউ ব্যবস্থার উন্নয়ন, সম্ভাব্য ইনসেনটিভের প্রবর্তন, বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচির বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া সংশ্লিষ্ট সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

আলোচনায় বাংলাদেশের টেকসই অর্থায়ন ও জলবায়ু-সহনশীল বিনিয়োগ ব্যবস্থা শক্তিশালী করতে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে বিএসইসি এবং আইএমএফের মধ্যে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত উন্নয়ন এবং বাজার অবকাঠামো শক্তিশালীকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এএ