পানিসম্পদ মন্ত্রী
খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-২৭ ১৯:৩৪:০৮
খাল খননের পাশাপাশি নদী-খাল দখল ও দূষণমুক্ত করতে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে নদী-খাল দখল ও দূষণের হাত থেকে রক্ষা পেত। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে।
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছে।
তিনি আরও বলেন, তিস্তার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত। তিস্তা থেকে জনগণ যাতে সর্বোচ্চ সুবিধা পেতে পারে, সে জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রকল্প গ্রহণের আগে একাধিক আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
মতবিনিময় সভায় বাপার নেতৃবৃন্দ নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং দখল-দূষণমুক্ত করতে পানিসম্পদ মন্ত্রণালয়কে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী সঠিক তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় সরকারের পাশে থাকার জন্য বাপার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, বাপার সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহসভাপতি খুশি কবির ও ড. শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














