জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-৩০ ১১:২৭:২৭


বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এমন অবস্থায় বাংলাদেশের মেগাসিটি ঢাকার অবস্থান রয়েছে তালিকার ৮ নম্বরে।

যার বায়ুমান স্কোর ১২৩। এই অবস্থার বায়ুর মানকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এ ছাড়া বায়ুদূষণের শীর্ষে রয়েছে মিসরের রাজধানী কায়রো। যার বায়ুমান স্কোর ১৭২। এই অবস্থাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বায়ুদূষণের শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো। এ ছাড়া তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।

যার বায়ুমান স্কোর ১৭০।  তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। যার বায়ুমান স্কোর ১৬০। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ১৪০।

এ ছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। যার বায়ুমান স্কোর ১৩১।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এনজে