একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর ক্লাস শুরু

সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১৬ ২১:১৭:২০


২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে। আর মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

ফলাফল দেখতে একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে লগইন করতে হবে। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হচ্ছে।

ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন ফি দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশের পর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।

এদিকে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা থাকলেও এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী ও অভিভাবকদের পরিবর্তিত তারিখ জানাতে বলা হয়েছে।

এর আগে ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এ কারণে এবার কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছিল ২২০ টাকা।

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পেরেছেন। ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদনকারীদের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ ছিল।

ভর্তি নিশ্চায়নের সময় বোর্ডকে ৩৪০ টাকা ফি দিতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি ১০০ টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) ইস্যু বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল হতে পারে।

বিএইচ