ইয়েমেনে ভয়াবহ সংঘাতে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২১ ১১:০৮:২৬


ইয়েমেনের সেনাবাহিনীর সঙ্গে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবের রাজধানী মারিব সিটির কাছে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর সঙ্গে ভয়াবহ সংঘাত হয়েছে। সংঘাতে কমপক্ষে ৮০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।

ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আরব নিউজকে তিনি বলেছেন, গত শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন এই ৮০ জনের অধিক হুথি যোদ্ধা।

“মারিবে সেনাবাহিনী হুথি যোদ্ধাদের প্রতিহত করেছে। প্রায় ২৪ ঘণ্টা ভয়াবহ সংঘাতের পর ৮০ জনের অধিক যোদ্ধা নিহত হয়েছে, বাকিরা পালিয়ে গেছে। তাদের ৯টি সামরিক যান ধ্বংস করা হয়েছে”, আরব নিউজকে বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল হাতেমি।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি জানান, মারিব সিটিতে সেনা-হুথি সংঘাত চলার সময় মারিব প্রদেশ জুড়ে অভিযান পরিচালনা করেছে ইয়েমেনের বিমান বাহিনী। অভিযানে প্রদেশের বিভিন্ন এলাকায় হুথিদের সামরিক স্থাপনা ও সেনা সমাবেশস্থলকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

তবে সংঘাতে ইয়েমেনের সেনাবাহিনী ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য তিনি প্রদান করেননি।

প্রায় এক যুগ আগের গৃহযুদ্ধ এবং সরকারি বাহিনীকে হটিয়ে হুথি গোষ্ঠীর উত্তর ইয়েমেন দখলের পর যেসব এলাকার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন— সেসবের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে মারিব। ইয়েমেনের এই প্রদেশটির বিভিন্ন শরণার্থী শিবিরে বর্তমানে আশ্রিত অবস্থায় আছেন ২০ লাখেরও বেশি মানুষ।

তবে মারিব প্রদেশের প্রায় সব অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে পারলেও রাজধানী মারিব সিটির দখল এখনও নিতে পারেনি হুথি গোষ্ঠী। মারিব দখলের লক্ষ্যে হুথিদের একের পর এক অভিযানে হাজার হাজার বেসামরিক নাগরিক ও যোদ্ধা নিহত বা আহত হয়েছেন; তবে এর কোনোটিতেই তারা শহরটি দখলে সফল হতে পারেনি।

২০১৪ সালে ইয়েমেনের গৃহযুদ্ধ এবং ২০১৫ সালে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চল দখলের পর কয়েক বছর সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত সংঘাত হয়েছে যায়িদি শিয়াপন্থি হুথিদের।

সূত্র : আরব নিউজ

এনজে