নবীনগরে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-২২ ০৯:৩৯:০৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মিম (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিম বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সোমবার বিকেলে বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের ঝোপঝাড়ে মিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নবীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, মিমকে খুঁজে না পেয়ে দুই দিন আগে তার নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, শিশুটির মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














